২ জানুয়ারি ২০১৬ - ১০:৫৫
মা’কে লেখা শাইখ নিমরের অন্তিম চিঠি

শাইখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ প্রচারের পর তার অফিশিয়াল ওয়েব সাইটে একটি চিঠি প্রকাশ করা হয়েছে, চিঠিতে শাইখ নিমর তার মা’কে ধৈর্যধারণ করতে বলেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : শাইখ নিমরের অফিশিয়াল ওয়েব সাইট আজ (শনিবার ২ জানুয়ারি-১৬) একটি চিঠি প্রকাশ করা হয়েছে, চিঠিতে সৌদি আরবের এ প্রখ্যাত আলেম মা’কে শেষবারের মত যে কথাগুলো বলেছিলেন তা প্রকাশ করা হয়েছে।

ঐ সাইটে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ শুনে শাইখ বিচলিত হননি বরং আনন্দ প্রকাশ করে বলেন : ‘মহান আল্লাহ তোমাদেরকে কল্যাণকর সুসংবাদ দান করুন’।

 

মূল চিঠি :

আমার ধৈর্য্যশীল মা; উম্মু জাফারকে,

মা! আমি সর্বদা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। যা কিছু ঘটবে তা আমি স্বাচ্ছন্দে গ্রহণ করে নেব। কেননা মহান আল্লাহ্ কর্তৃক নির্ধারিত কোন বিষয়, মানুষের নির্ধারিত বিষয় অপেক্ষা অধিক শ্রেয়। তিনি যা কিছু আমাদের জন্য নির্ধারণ করেন তা, আমরা যা কিছু নিজেদের জন্য চাই তা অপেক্ষা অধিক কল্যাণকর। এটা ঠিক যে, আমাদের উচিত দোয়া করা ও তাঁর নিকট প্রার্থনা, কিন্তু কোনটি আমাদের জন্য কল্যাণকর তা তিনিই আমাদের চেয়ে ভাল জানেন।

সকল প্রশংসা মহান আল্লাহর জন্যই, তিনি মানুষকে নির্দেশ দেন এবং মানুষও তারই কর্তৃত্বের ছায়াতলে রয়েছে। যদি মহান আল্লাহ্ না চান তবে কেউ কোন কিছুকে কোন স্থান থেকে সরাতে পারে না।

হে প্রাণপ্রিয় মা! তুমি তো জানই, মহান আল্লাহ সবকিছু দেখেন। তুমি নিশ্চিত থাক যে, মানুষের সবচে ক্ষুদ্র কর্মগুলোও তার দৃষ্টিতে রয়েছে এবং তার এরাদা বহির্ভূত নয়। আমাদের জন্য এটা জানাই যথেষ্ট যে, যা কিছুই ঘটবে তা তার দূরদর্শিতা ও ইচ্ছার ভিত্তিতে ঘটবে, অন্য কিছু নয়।

সর্বশেষে আমি তোমাকে ও সকল জনগণকে মহান আল্লাহর হেফাজতে সোপর্দ করলাম, নিশ্চয়ই মহান আল্লাহ সর্বোত্তম রক্ষাকারী।

                                                                                                 তোমার প্রিয়

                                                                                        শাইখ নিমর বাকের আন-নিমর